দৈনিক খুলনা
The news is by your side.

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

35

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর ২টায় উপজেলার হরিঢালী ইউনিয়নের রহিমপুর আশ্রয়কেন্দ্র সংলগ্ন কপোতাক্ষ নদের বেড়িবাঁধ এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারি কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম।

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম, ইউপি সদস্য আজিজুল হক খান, আব্দুল গফুর, শংকর বিশ্বাস, বনায়ন সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ যে গাছ রোপণ করা হচ্ছে, তা আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ ও বিশুদ্ধ অক্সিজেনের নিশ্চয়তা বহন করবে। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ বলেন, সবুজ পৃথিবী গড়ার এই সামাজিক আন্দোলনে তরুণদের আরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। নিজেদের পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।