দৈনিক খুলনা
The news is by your side.

খালিশপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, খুলনাকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ গড়ার প্রত্যয় হুইপ বকুলের

39

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, খুলনাকে একটি পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি।

শনিবার খালিশপুর রোটারি স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কক্সবাজারের ডুলাহাজরায় কেন্দ্রীয় উদ্বোধনের পরপরই খুলনায় এ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় মহানগরীতে ১৮০ দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি গাছকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে এসে ‘একটি গাছ, একটি প্রাণ’, ‘সবুজ বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এবং ‘গাছ লাগাই, দেশ বাঁচাই’—এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেডিএ চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়।

অনুষ্ঠানের শেষে হুইপ রকিবুল ইসলাম বকুল বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়ন কামনা করেন এবং খুলনাসহ দেশের প্রতিটি জনপদকে সবুজে আচ্ছাদিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।