দৈনিক খুলনা
The news is by your side.

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি নারী-পুরুষ

43

প্রতিবেদন:
বেনাপোল প্রতিনিধি | দৈনিক খুলনা

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে কারাভোগ শেষে ১৪ বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফিরেছেন। ভারতীয় কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বাংলাদেশে হস্তান্তর করেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন— আবু সাকের, আলাউদ্দিন, জামের আলী, খালিদ হোসাইন, ময়না বেগম, সানোয়ার আলী, রিনা বেগম, মিনহাজ মিয়া, ইসমাইল হোসেন, মোহাম্মদ তামিম, মোহাম্মদ ফাহিম, নাজমিন আক্তার, বাদশা মিয়া ও মোস্তফা কামাল। তাদের মধ্যে ১৩ জন সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন যশোরের শার্শা উপজেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। সাজা শেষে তারা ভারতের পাঞ্জাব সেন্ট্রাল কারাগারে দুই থেকে তিন বছর কারাভোগ করেন।

পরবর্তীতে বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সৈয়দ মোর্তজা আলী জানান, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ১৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম বলেন, চাকরির প্রলোভনে পড়ে তারা প্রতারণার শিকার হয়ে ভারতে গিয়েছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ায় প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই শেষে আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।