দৈনিক খুলনা
The news is by your side.

নারী ও শিশু উন্নয়ন খাতে ৫১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

25

দেশের নারী ও শিশু উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতা উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব ঘোষণা করেন।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নই টেকসই উন্নয়নের অন্যতম প্রধান নির্দেশক। তাই নারীর ক্ষমতায়ন এবং শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত শৈশব নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, আধুনিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে নারীদের স্বনির্ভর করে তোলা এবং শিশুদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই বরাদ্দ নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রশিক্ষণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে ব্যয় করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নারী ও শিশু উন্নয়ন খাতে এ বরাদ্দ দেশের সামাজিক উন্নয়ন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।