প্রতিবেদন:
ঢাকা প্রতিনিধি | দৈনিক খুলনা
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এ খাতগুলোর উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব ঘোষণা করেন।
বাজেট বক্তব্যে মন্ত্রী জানান, কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত মোট বরাদ্দ ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৬৩ শতাংশের সমপরিমাণ।
তুলনামূলকভাবে ২০২৫-২৬ অর্থবছরে এসব খাতের জন্য সংশোধিত বাজেট ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা, যা জিডিপির শূন্য দশমিক ৬১ শতাংশ ছিল।
সরকারের মতে, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বরাদ্দ বৃদ্ধির ফলে কৃষক, মৎস্যচাষি ও খামারিরা সরাসরি উপকৃত হবেন এবং দেশের খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা জোরদার হবে।