কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার সূচনা হয়।
কৃষিই সমৃদ্ধি,প্রতিপাদ্যে আয়োজিত এই মেলা চলবে ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত। এতে স্থানীয় কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ, সেচ ব্যবস্থাপনা ও টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। টেকসই কৃষি প্রযুক্তির প্রসার ঘটাতে পারলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে। এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করে এবং উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে সহায়তা করে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কৃষিখাতকে আরও এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে কৃষিকে টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে কৃষকরা সহজেই নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারেন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সক্ষম হন।
তিনি আরও বলেন, এই ধরনের মেলা কৃষকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে তারা সরাসরি প্রযুক্তি দেখতে, জানতে এবং প্রয়োগ সম্পর্কে ধারণা নিতে পারেন। এর মাধ্যমে কৃষির আধুনিকায়ন ত্বরান্বিত হবে এবং কৃষকরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে কৃষির বিকল্প নেই। কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদন ব্যয় কমাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির প্রভাষক মোঃ জাকির হোসেন, এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় কৃষকরা।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন, কৃষি উপকরণ প্রদর্শনী এবং কৃষকদের জন্য পরামর্শ সেবা প্রদান করা হবে। আয়োজনে রয়েছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কেশবপুর, যশোর।