মোংলা :
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুইটি ফেরি চলাচলের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন শুধু জোয়ারের সময় একটি ফেরি চলাচল করত। ফলে মোংলা বন্দর, ইপিজেড, শিল্পাঞ্চলের শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন থেকে দুইটি ফেরি ২৪ ঘণ্টা চলাচল করবে, যা নদী পারাপারকে সহজ ও নিরাপদ করবে।
তিনি বলেন, ফেরিঘাটে ভাড়ার চার্ট টানানো বাধ্যতামূলক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের ইতিবাচক সংবাদের পাশাপাশি সমস্যাগুলোও তুলে ধরার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২৪ ঘণ্টা ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপালের মানুষের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনও আরও সহজ হবে। এতে ফেরি সার্ভিসটি অর্থনৈতিকভাবেও লাভজনক হয়ে উঠবে।
তিনি জানান, ভবিষ্যতে মোংলা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে। সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত নদীতে দুইটি ফেরি সার্বক্ষণিক চলাচল অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।