দৈনিক খুলনা
The news is by your side.

‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম খুলনায়

8
প্রধানমন্ত্রীর উদ্যোগে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে “Startup, Science Project and Innovation” বিষয়ক খানজাহান আলী থানা পর্যায়ে অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. এস. এম. সাজ্জাদ হোসেন, উপ-পরিচালক (মাধ্যমিক) মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমান এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রোমানাই ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী কার্যক্রম তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা বিভাগের কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনের মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরও বেগবান করবে।