দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনে নিখোঁজ পর্যটক রিয়াজের ভাসমান মরদেহ উদ্ধার

22

সুন্দরবনের দুবলার চর এলাকায় নৌকা থেকে নেমে নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে সংলগ্ন আলোরকোল সি বিচ এলাকা থেকে নিখোঁজ ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, শনিবার রাতে আলোরকোল সি বিচ এলাকায় সাগরে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন। আইনি প্রক্রিয়া ও শেষে আজ রোববার মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর বা মোংলা শহরে আনার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ৫ নভেম্বর ১৯ পর্যটক নিয়ে ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ নামের একটি পর্যটকবাহী নৌকা সুন্দরবনের উদ্দেশে রওনা দেয়। পরবর্তীতে গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে দুবলার চর এলাকায় নৌকাটি চরে আটকে যায়। এ সময় পর্যটকরা নেমে তা ধাক্কা দিয়ে সচল করার চেষ্টা করছিলেন। এতে হঠাৎ জোয়ারের তীব্র ঢেউয়ের তোড়ে চারজন পর্যটক পানিতে ভেসে যান।

ঘটনার পরপরই তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ আহমেদ পানিতে তলিয়ে নিখোঁজ হন। এরপর থেকেই তাকে উদ্ধারে বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ তল্লাশি অভিযান চলছিল। শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে আলোরকোল সি বিচ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।