দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা

22

সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলার প্রতিটি বিদ্যুৎ গ্রাহক প্রতিদিন মাত্র ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে প্রায় ৩০৪ কোটি টাকা সাশ্রয় সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি এবং সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা. আজিজুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মেহেদী হাসান তানভীর।

সভায় জানানো হয়, সাতক্ষীরা জেলায় বর্তমানে প্রায় ৬ লাখ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। প্রত্যেক গ্রাহক প্রতিদিন ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে প্রায় ৩০৪ কোটি টাকা সাশ্রয় হবে।

এসময় আরও জানানো হয়, সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ প্রায় ১৩ টাকা ৯ পয়সা দরে ক্রয় করে বিপুল ভর্তুকি দিয়ে আবাসিক গ্রাহকদের কাছে তুলনামূলক কম মূল্যে সরবরাহ করছে। তাই বিদ্যুতের অপচয় রোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ইনভার্টার প্রযুক্তিসম্পন্ন এসি ও ফ্রিজ ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি এলইডি বাল্ব এবং বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “অফিস ও বাসাবাড়িতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে যেমন ব্যক্তিগত ব্যয় কমবে, তেমনি রাষ্ট্রের ওপর ভর্তুকির চাপও হ্রাস পাবে।”

তিনি বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।