দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় শুরু হলো ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা

24

সাতক্ষীরা :

বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, সামাজিক বনাঞ্চল জোনের কর্মকর্তা জি. এম. মারুফ বিল্লাহ এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।

উদ্বোধনের আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় জেলার বিভিন্ন নার্সারি ও ব্যক্তি উদ্যোগে মোট ৩৫টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবেশপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।