দৈনিক খুলনা
The news is by your side.

শার্শার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

88

বেনাপোল :

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ চার শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। বিদ্যালয়টি ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে হাদিউজ্জামান রিসান ট্যালেন্টপুলে এবং ফারহান সাদিক, জান্নাতুল ফেরদৌস রাইসা ও নাহিদ ফারাবী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ১১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে চারজন বৃত্তি পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলী বলেন, শিক্ষার্থীদের ঐকান্তিক পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে সাফল্যের পরিধি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল এ সাফল্যের কৃতিত্ব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাকে দেন। তিনি বলেন, “শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত ও মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। একটি বিদ্যালয় থেকে একজন ট্যালেন্টপুলসহ চার শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

একসঙ্গে চার শিক্ষার্থীর বৃত্তি অর্জনের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। পরে বিদ্যালয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে সাফল্য উদ্‌যাপন করা হয়।