দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পরিত্যক্ত ভবনে মিলল লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনিয়মে ক্ষোভ

20

মোরেলগঞ্জ :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আকস্মিকভাবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের স্টোররুমে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে মন্ত্রী হাসপাতাল পরিদর্শনে পৌঁছান। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী পরিদর্শনে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান, পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, চিকিৎসক সংকট, ওষুধ ব্যবস্থাপনা এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার চিত্র সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনের একপর্যায়ে পরিত্যক্ত ভবনের স্টোররুমে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, “দেশের অনেক মানুষ প্রয়োজনের সময় ওষুধ পান না। অথচ এখানে লাখ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে আছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। মোরেলগঞ্জ হাসপাতালের সার্বিক অবস্থা আমি দেখেছি। এখানকার মানুষ যাতে দ্রুত মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এভাবে কোনো হাসপাতাল চলতে পারে না।”

পরিদর্শন শেষে হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকেও যান মন্ত্রী। সেখানে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দে এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অব্যবস্থাপনা, অবহেলা কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। সরকারি ওষুধের সঠিক সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।