দৈনিক খুলনা
The news is by your side.

মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

34

মোংলা :

বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর অভিভাবক বাদী হয়ে মোংলা থানায় মামলা দায়ের করেছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা মো. শিপনের ১৩ বছর বয়সী ভাগ্নি গত রোববার (১৬ আগস্ট) দুপুরে শাপলা তুলতে স্থানীয় একটি মাছের ঘেরে যায়।

অভিযোগ অনুযায়ী, একই এলাকার বাসিন্দা সুমন শিকদার (৩৫) ওই কিশোরীকে মাছ দেওয়ার কথা বলে ঘেরের বেড়িবাঁধের দিকে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। ভয়ে সে প্রথমে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়নি।

পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মামীর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে সে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। এরপর কিশোরীর মামা মো. শিপন বাদী হয়ে শুক্রবার বিকেলে মোংলা থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন শিকদারকে এলাকা থেকে গ্রেফতার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।