দৈনিক খুলনা
The news is by your side.

ভিড়েছে এলএনজিবাহী জাহাজ, বাড়বে গ্যাস সরবরাহ

25

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে একটি জাহাজ কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে ভিড়েছে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির একজন কর্মকর্তা।

তিনি জানান, সউদী আরামকোর ‘মারিয়া এনার্জি’ নামে কার্গোটি টার্মিনালে ভিড়েছে। কিছু প্রক্রিয়া শেষে সেটি থেকে এলএনজি সরবরাহ শুরু হবে। তখন গ্যাস সরবরাহ বাড়তে পারে।

এখন মার্কিন কোম্পানির এক্সিলারেট এনার্জির টার্মিনাল ও দেশীয় সামিট পাওয়ার লিমিটেডের টার্মিনাল থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। দুটি টার্মিনালের সক্ষমতা ১১০০ মিলিয়ন ঘনফুট।

এদিকে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আরও এলএনজিবাহী কার্গো আমদানি করা হয়েছে। আমদানিকৃত পরবর্তী জাহাজ ৪ সেপ্টেম্বর আসবে।

সেটির মালিক ব্রিটিশ পেট্রোলিয়াম, ১০ সেপ্টেম্বর সৌদি আরামকোর আরও একটি কার্গো, ১৩ সেপ্টেম্বর পসকো, ১৬ সেপ্টেম্বর গানভোর, ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটাল এবং ২৮ সেপ্টেম্বর গানভোর কোম্পানির আরও একটি কার্গো আসার সূচি ঠিক করা হয়েছে। চলতি মাসে আরও দুই জাহাজ এলএনজি আনার প্রক্রিয়া চলছে।