দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

27

যশোর:
পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বন্দর পরিচালক আরও জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে বেনাপোল বন্দর এলাকায় এক সপ্তাহব্যাপী প্রায় ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু বৃক্ষরোপণ নয়, এসব গাছের সংরক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতেও বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক কাজী রতনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। উদ্বোধন শেষে অতিথিরা বন্দর এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব ও সবুজ বন্দর গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।