দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

21

বাগেরহাট :

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ইউনিয়ন পরিষদের হলরুমে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ, ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সহযোগী সংস্থা হিসেবে ছিল এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ইউনিয়ন পরিষদ ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, মো. হাসান শেখ, সাংবাদিক এস এম নুর ইসলাম, ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনূর বেগম, সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম, সাবিনা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাবগুলোর মধ্যে দলিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।

এছাড়া বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম জোরদার করতে বাজেটে বরাদ্দ রাখা এবং ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য পৃথক বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়।

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনূর বেগম বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে ইউনিয়নের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাগেরহাট উপজেলা নাগরিক কমিটির সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজও বক্তব্য দেন। তিনি আগামী অর্থবছরের বাজেটে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সভায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।