দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ২

17
ফুলতলা :

খুলনার ফুলতলায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, চারটি তাজা কার্তুজ ও ১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটকরা হলেন ফুলতলা উপজেলার পাশ্ববর্তী ডুমুরিয়ার দোহাখোলা গ্রামের বিমল চন্দ্র সরকারের ছেলে সৌরভ সরকার রওফ বাধ্য (২৭) এবং কাটেঙ্গা গ্রামের আব্দুল মজিদ মোল্যার ছেলে বায়োজিদ হোসেন মোল্যা (২৫)।

পুলিশ জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে এসআই শফিউজ্জামান, এমএসআই পিয়ারুল ও এএসআই জাহিদের নেতৃত্বে জামিরা গাজীপাড়ায় বিল্লাল মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সৌরভ সরকার ও বায়োজিদ হোসেনকে আটক করা হয়। এ সময় সৌরভের কাছ থেকে ৮ পিস এবং বায়োজিদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে আরও তিনজন বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায়।

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিন্দুকের ভেতরে থাকা কালো ব্যাগ থেকে একটি একনলা বন্দুক ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটক সৌরভ সরকার যশোরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে কর্মরত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় এসআই শফিউজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন। শনিবার আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।