ফকিরহাটে খামারিদের মাঝে বিনামূল্যে শিং মাছের পোনা ও কৃষি উপকরণ বিতরণ
বাগেরহাটের ফকিরহাটে গৃহস্থালি পুকুরে দেশি শিং মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে খামারিদের মাঝে বিনামূল্যে শিং মাছের পোনা, সবজির বীজ, জৈব সার, মাছের খাদ্য ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।
এ সময় ক্ষেত্র সহকারী সঞ্জয় কুমার বাছাড়, মাঠ সহায়ক সাব্বির আহম্মেদ শুভ, কমলেশ দাস, মোস্তাহিদ বিল্লাহ, জিল্লুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ জন সুফলভোগী খামারির প্রত্যেককে ৬ হাজারটি শিং মাছের পোনা, ৯ ধরনের সবজির বীজ, ২ ধরনের মাছের খাদ্য, এক বস্তা জৈব সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালি পুকুরে দেশি শিং মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে মাছ চাষে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতেও এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।