খুলনা প্রতিনিধি:
নেদারল্যান্ডসের Utrecht University এবং Wageningen University & Research-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘Bangladesh: Climate and Development’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সেমিনারে অংশ নিয়েছে Khulna University।
৩০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ দুই দিনব্যাপী সেমিনারে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম-এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। প্রতিনিধি দলে রয়েছেন প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, প্রফেসর ড. মো. নাসিফ আহসান, প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং সহকারী অধ্যাপক শাপলা সিংহ।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের শঙ্কা নয়, এটি বাংলাদেশের বাস্তবতা। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে।
তিনি জানান, সুন্দরবনসংলগ্ন পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয় একটি অফশোর ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে, যা আন্তর্জাতিক গবেষকদের জন্য একটি ‘লিভিং ল্যাব’ হিসেবে গড়ে তোলা হবে। এখানে উপকূলীয় বাস্তুতন্ত্র, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও অভিযোজন কৌশল নিয়ে মাঠপর্যায়ে গবেষণার সুযোগ তৈরি হবে।
উপাচার্য আরও বলেন, ‘Cultures of Adaptation Network (CAN)’-এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়, উট্রেখট ইউনিভার্সিটি ও ওয়াগেনিনজেন ইউনিভার্সিটির মধ্যে গড়ে ওঠা সহযোগিতা জলবায়ু গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামার স্কুলের ধারাবাহিকতায় এবার নেদারল্যান্ডসে গবেষণা সেমিনার ও সামার স্কুল আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শিদ কাজী, উট্রেখট ইউনিভার্সিটির জিওসায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ. উইজেলসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও গবেষকরা বক্তব্য রাখেন।
দুই দিনব্যাপী এ সেমিনারে জলবায়ু পরিবর্তন, অভিযোজন, টেকসই উন্নয়ন, অভিবাসন, উপকূলীয় সহনশীলতা, জেন্ডার, সুশাসন ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে ৩২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশ, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সেমিনার শেষে আগামী ৬ থেকে ১০ জুলাই একই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামার স্কুলে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং প্রফেসর ড. মো. আশিক উর রহমান অতিথি বক্তা হিসেবে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন, উপকূলীয় বাস্তুতন্ত্র ও অভিযোজন কৌশল বিষয়ে লেকচার প্রদান করবেন।