পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা শহরের প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। শনিবার দুপুরে প্রাণসায়র খালের দুই পাড়জুড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মইনুল ইসলাম খান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা প্রিয়াংকা হালদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, পৌরসভার সচিব মোহাম্মদ লিয়াকত আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে চলতি বছর এক কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, শুধু গাছ লাগানো নয়, রোপিত গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও হবে সমান গুরুত্বের বিষয়।
তিনি আরও জানান, সাতক্ষীরার প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, শহরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশবান্ধব নগরী গঠনের লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।