দৈনিক খুলনা
The news is by your side.

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

23

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় প্রায় ১৪ হাজার ৭২৭ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে চারটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ৯ প্রকল্পের মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পাঁচটি প্রকল্প রয়েছে। এর মধ্যে তিনটি নতুন ও দুটি সংশোধিত। এ ছাড়া ভৌত অবকাঠামো এবং আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একটি করে সংশোধিত প্রকল্প রয়েছে। শিল্প ও শক্তি বিভাগের দুটি প্রকল্পের মধ্যে একটি নতুন এবং অন্যটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

একনেকের অনুমোদনের জন্য ওঠা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা প্রকল্প। স্থানীয় সরকার বিভাগের আওতায় রয়েছে বৃহত্তর দিনাজপুরের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প। পাশাপাশি পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের প্রথম সংশোধনীও রয়েছে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধন এবং সেতু বিভাগের গুরুত্বপূর্ণ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

জ্বালানি খাতের আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খননের প্রস্তাব রয়েছে। বিদ্যুৎ বিভাগের সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধন এবং স্বাস্থ্যসেবা বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টারের সক্ষমতা ৫০ শয্যায় উন্নীতকরণ ও জেলা সদর হাসপাতালগুলোয় ১০ শয্যার নতুন ডায়ালাইসিস সেন্টার স্থাপনের প্রস্তাবও রয়েছে।

এদিকে, একনেক সদস্যদের অবগতির জন্য সভায় আরও ১১টি প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বরিশালের গৌরনদীতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন প্রকল্প।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি প্রকল্পও অবহিতকরণের জন্য সভায় তোলা হচ্ছে। এর মধ্যে নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ চার লেনে এবং অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরণ, পিরোজপুর-নাজিরপুর-মাটিভাঙা-পাটগাতী-ঘোনাপাড়া জেলা মহাসড়কসহ কয়েকটি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং ভূঞাপুর লিংক সড়ক নির্মাণ প্রকল্পের সংশোধনী রয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের দুটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও একনেক সদস্যদের অবহিত করার জন্য সভায় উপস্থাপন করা হবে। সভায় এসব প্রকল্পের অগ্রগতি, সংশোধন ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হতে পারে।