দৈনিক খুলনা
The news is by your side.

পুকুরপাড়ে মিলল ড্রামভর্তি দেশীয় মদ, বাবা-ছেলে আটক

17

পটুয়াখালীর গলাচিপায় পুকুরপাড়ের গর্তে লুকিয়ে রাখা ড্রামভর্তি প্রায় ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাব্বি নামে এক যুবক এবং তার বাবা আল আমিনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডেপানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রাব্বি ও তার বাবা আল আমিনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করেন। পরে বিষয়টি গলাচিপা থানা পুলিশকে জানানো হয়।

 

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরপাড়ে তল্লাশি চালানো হয়। এ সময় পুকুরপাড়ের একটি গর্তে মাটির নিচে লুকিয়ে রাখা একটি ড্রাম পাওয়া যায়। ড্রামটি খুলে সেখানে বিপুল পরিমাণ দেশীয় মদ পাওয়া যায়। পুলিশ জানায়, ড্রামটিতে আনুমানিক ২০০ লিটার দেশীয় মদ ছিল।

এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মদ ও জব্দকৃত সামগ্রী পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, পুকুরপাড়ের ওই স্থানে মদ লুকিয়ে রাখার বিষয়টি তাদের জানা ছিল না। সন্দেহজনক আচরণ দেখে বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন।

 

পুলিশ জানায়, উদ্ধার করা মদের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।