দৈনিক খুলনা
The news is by your side.

পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে মালামালবোঝাই ৭ ট্রাক আটক

3

কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্প এলাকা থেকে ট্রলি, জেনারেটর, ওয়েট মেশিনসহ বিভিন্ন ধরনের মালামালবোঝাই সাতটি ট্রাক আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য ও সহযোগিতায় কলাপাড়া থানা পুলিশ ট্রাকগুলো আটক করে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মালামাল পরিবহনের সময় ট্রাকচালকদের কাছে এসব মালামাল নেওয়ার বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকগুলো আটক করা হয়। স্থানীয়দের দাবি, এর আগেও রাতের আঁধারে ওই আবাসন প্রকল্প এলাকা থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও মালামাল সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

আটক একটি ট্রাকের চালক জানান, স্থানীয় সাব্বির ও সুমন এসব মালামাল নাটোরে পৌঁছে দেওয়ার জন্য বৃহস্পতিবার তাদের আবাসন প্রকল্প এলাকায় আসতে বলেন। শুক্রবার রাতে মালামাল ট্রাকে তোলা শেষ হলে তারা রওনা দেন। পথে পুলিশ তাদের আটক করে। তার দাবি, ট্রাকে থাকা মালামাল ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং কোম্পানির। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিষ্ঠানটি এখানকার কাজ বন্ধ করে চলে যায়। তবে সাব্বির ও সুমনের সঙ্গে পরে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ই-ইঞ্জিনিয়ারিং কোম্পানির লজিস্টিক কর্মকর্তা মো. রুপম বলেন, আটক করা মালামাল আমাদের কোম্পানির। এগুলো নিয়ে যাওয়ার জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে অনুমতিপত্রের আবেদন করা হয়েছে। অনুমতিপত্র পাওয়ার পরই মালামাল নিয়ে যাওয়া হবে।

কোম্পানির পায়রা বন্দর কো-অর্ডিনেটর মো. হাসিব বলেন, দীর্ঘদিন ধরে ট্রলিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কোম্পানি এগুলো বিক্রি করেছে। তবে এ বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।

পায়রা বন্দর নিরাপত্তা বিভাগের উপ-পরিচালক লে. কমান্ডার মো. ইরফানুল আল রিফাত বলেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের নির্দেশে মালামালবোঝাই সাতটি ট্রাক আটক করা হয়েছে। প্রয়োজনীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, রাতের বেলা সাত ট্রাক মালামাল নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে পুলিশ ট্রাকগুলো আটক করে। এছাড়া মালামালের সঙ্গে সংশ্লিষ্ট ডকইয়ার্ডের প্রয়োজনীয় কাগজপত্রও তাদের কাছে ছিল না।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পায়রা বন্দর কর্তৃপক্ষ থানায় বিষয়টি অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামালসহ সাতটি ট্রাক জব্দ করে। বিষয়টি যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।