দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের হামলা-মারপিট, ৩ ভাইসহ আহত ৪

63

পাইকগাছা :

খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুরে প্রতিপক্ষ দুই পক্ষের মধ্যে দুই দফায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে তিন ভাইসহ চারজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এবং মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে এ হামলা ও মারপিটের ঘটনা ঘটে। আহতদের মধ্যে শেখ বাবুল (৩৭) ও শেখ লাভলু (৩৫) নাক ও মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত শেখ বাবুল অভিযোগ করে বলেন, সোমবার রাতে মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্থানীয় হাফিজুলের ছেলে অপুর সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে অপু তাকে ঘুষি মারলে তিনি নাকে আঘাত পান।

এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে হাফিজুল গাজীর বাড়ির সামনে বাবুলের পরিবারের সদস্যরা অবস্থান নেন বলে জানা গেছে। আহত শেখ লাভলু অভিযোগ করেন, বড় ভাই বাবুলকে কেন মারধর করা হয়েছে, তা জানতে তারা হাফিজুলের বাড়িতে গেলে অপু, তার ভাই লিপু (১৮) ও তাদের বাবা তাদের ওপর হামলা করেন। এতে তিনি, বড় ভাই বাবুল ও ছোট ভাই ডাবলু (২০) আহত হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অন্যদিকে হাফিজুল গাজী অভিযোগ করে বলেন, সোমবার রাতে বাবুল ও তার ছেলে অপু মাদকাসক্ত অবস্থায় ছিলেন। বিষয়টি টের পেয়ে তিনি ছেলেকে শাসন করেন। একপর্যায়ে অপু উত্তেজিত হয়ে বাবুলের নাকে ঘুষি মারেন। পরে মঙ্গলবার সকালে লাভলু ও ডাবলুসহ কয়েকজন তার বাড়ি ঘেরাও করলে উভয় পক্ষের মধ্যে মারপিট হয়। এতে তার ছেলে অপুও আহত হন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি বলে জানা গেছে।