পাইকগাছা :
খুলনার পাইকগাছায় এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পলাশ গাজী নামে এক ব্যক্তিকে আটক করলেও পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. আনিছুর রহমান বিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক আনিছুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে ভিলেজ এলাকার পলাশ গাজী তার পথরোধ করে গালিগালাজ করেন এবং তার ওপর হামলার চেষ্টা চালান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।
তবে কী কারণে হামলার চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। স্থানীয়দের ধারণা, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পলাশ গাজীর বাড়ি ঘেরাও করে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পলাশ গাজীকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত পলাশ গাজীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, “একজন শিক্ষকের সঙ্গে এ ধরনের অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
প্রধান শিক্ষক আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানালে পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় অভিযুক্তের লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) গ্রহণ করা হয়। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।