পাইকগাছা :
খুলনার পাইকগাছায় ভাঙচুর, ক্ষয়ক্ষতি ও হত্যাচেষ্টা মামলায় মৎস্য ব্যবসায়ী রেজাউল ইসলামের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর ১৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। মামলার বাদী আব্দুল মজিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে ন্যায়বিচার পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মামলার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার আব্দুল মজিদ মোড়ল ও রেজাউল-মুনছুর মোড়লদের মধ্যে ভিটেবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি আব্দুল মজিদের দখলে থাকা জমি প্রতিপক্ষ রেজাউল-মুনছুর গং দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ঘেরাবেড়া ভাঙচুর করে এবং আব্দুল মজিদ ও তাঁর ভাই আব্দুল হালিমসহ কয়েকজনকে আহত করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় আব্দুল মজিদ বাদী হয়ে রেজাউল মোড়ল, মুনছুর, রফি, শহিদুল, ঝন্টু মোড়লসহ ১৪ জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার নম্বর ৬৫/২০২০।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে মামলার সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেন।