দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় গাছ থেকে ভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

খুলনা:

খুলনার পাইকগাছায় জিয়ারুল মজলিস (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার উত্তর সলুয়া গ্রামের একটি বসতবাড়ির পেছনে কড়ই গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নবাব আলী মজলিসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ারুল মজলিস পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন। পাশাপাশি তিনি মাছের পোনা ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে তার স্ত্রী আবিরণ নেছা ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের কড়ই গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

খবর পেয়ে পাইকগাছা থানার এসআই আয়ুব হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পরিবারের দাবি, জিয়ারুল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন এবং এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।