যশোর :
সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং বিভিন্ন অপকর্মের প্রতিবাদে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
মিছিলটি পাঁজিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মাধ্যমে তাঁদের ক্ষোভ ও প্রতিবাদ জানান।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস, নৈরাজ্য ও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের রাজপথে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবীর বিশ্বাস বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি সুসংহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়, অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে দলীয় কর্মসূচি সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবীর বিশ্বাস, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক এম এ হালিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পাঁজিয়া বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।