হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এমন সমঝোতা হলে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মার্কিন ওই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা এগিয়েছে।
মার্কিন কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরানের মধ্যে অগ্রগতি হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, বাণিজ্যিক জাহাজ চলাচল কোনো বাধা ছাড়াই পুনরায় শুরু করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে চুক্তি ঘোষণা করা হলে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেবে।
তবে এরপর যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপ ইরান তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে কতটা পালন করছে, তার ওপর নির্ভর করবে বলেও ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত রয়েছে। ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং তারা চায় না যে যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালাক।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবহন হওয়ায় এটি পুনরায় খুলে দেওয়ার যেকোনো উদ্যোগ বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র: আল-জাজিরা