দৈনিক খুলনা
The news is by your side.

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষকের মৃত্যু

25

নওগাঁ :

নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় বিআরটিসি বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ.ত.ম ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন শিক্ষক ইউসুফ। পথে শহরের দয়ালের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান।

এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে যাওয়া একটি দ্রুতগতির বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষক ইউসুফ সড়কে পড়ে যাওয়ার পর বিআরটিসি বাসটি তাকে চাপা দেয়। তাদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার ক্ষেত্রে বাসচালকের সরাসরি কোনো দোষ ছিল না।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।