দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে কমপক্ষে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুর সংখ্যা বেড়েছে ৯৩২ জন বা প্রায় ৫৪ শতাংশ।
বুধবার (২৫ নভেম্বর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশের ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি। এতে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিভিন্ন চিত্র তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৪৩৪ জন বা প্রায় ৫৭ শতাংশই ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। একই সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে। এ ছাড়া ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিনজন।
২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন। তাদের মধ্যে ৪৩০ জনই ছিল শিশু ও কিশোরী।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর যৌন নিপীড়ন ও পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। যৌন নিপীড়নের ঘটনা ৩৭৪ থেকে বেড়ে ৭৬৮ হয়েছে, যা প্রায় ১০৫ শতাংশ বেশি। একই সঙ্গে যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে, যা প্রায় ৪৬ শতাংশ বেশি।
পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ হয়েছে, যা প্রায় ৫৫ শতাংশ বেশি। আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে, যা প্রায় ২৬৭ শতাংশ বেশি। এ ছাড়া পারিবারিক সহিংসতার শিকার হয়ে আত্মহত্যার সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ।
যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ হয়েছে। ধর্ষণের পর হত্যার সংখ্যা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বেশি। অন্যদিকে, গণধর্ষণ ও ধর্ষণের পর আত্মহত্যার সংখ্যা কিছুটা কমলেও সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মনে করছে এইচআরএসএস।
সংগঠনটির পর্যবেক্ষণে বলা হয়, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়। এর সঙ্গে সামাজিক বৈষম্য, পুরুষতান্ত্রিক মানসিকতা, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি এবং অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গভীরভাবে জড়িত।
অনেক ক্ষেত্রে ভুক্তভোগী ও তাদের পরিবার সামাজিক চাপ, ভয়ভীতি, অর্থনৈতিক অসচ্ছলতা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
এ পরিস্থিতি মোকাবিলায় নয় দফা সুপারিশ তুলে ধরেছে এইচআরএসএস। এর মধ্যে রয়েছে আইনের কার্যকর প্রয়োগ ও দ্রুত বিচার, শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার, ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ বন্ধ, পুলিশ ও বিচারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত তথ্যব্যবস্থা গড়ে তোলা।
নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে সরকারকে কার্যকর, সমন্বিত ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ভুক্তভোগীদের ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ প্রতিরোধে দীর্ঘমেয়াদি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে এইচআরএসএস।