দৈনিক খুলনা
The news is by your side.

শকুন সংরক্ষণে সুন্দরবনে দুই দিনব্যাপী সেভের বার্ষিক সম্মেলন

মোংলা :

এশিয়ার শকুনদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জোট ‘সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিংশন’ (SAVE)-এর দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন সুন্দরবনে শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে পূর্ব সুন্দরবনে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এতে ১০টিরও বেশি দেশের ৪৫ জনের অধিক সংরক্ষণবিদ, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

সুন্দরবনের অভ্যন্তরে বিলাসবহুল ট্যুরিস্ট ভেসেল ‘মালাঙ্গী’তে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বনবিভাগ। সহযোগী হিসেবে রয়েছে আইইউসিএন (IUCN) বাংলাদেশ, স্কোপ (SCOPE) ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (RSPB) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সম্মেলন আয়োজনে সহায়তা করেছে দ্য পেরেগ্রিন ফান্ড ও দ্য রাফোর্ড ফাউন্ডেশন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বনবিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংরক্ষণবিদ ইনাম আল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন সেভ (SAVE)-এর চেয়ার জেমিমা প্যারি-জোনস। স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, শকুন সংরক্ষণে বাংলাদেশ আঞ্চলিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৪ সালে দুটি ‘শকুন নিরাপদ এলাকা’ (ভালচার সেফ জোন) ঘোষণা, ২০১০ সালে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধকরণ এবং ২০২১ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে পশুচিকিৎসায় কিটোপ্রোফেন নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশ গ্রহণ করেছে।

তিনি বলেন, এসব উদ্যোগের পাশাপাশি শকুনের জন্য সম্পূরক খাদ্য সরবরাহ, সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

সুন্দরবনে এ সম্মেলন আয়োজনের বিশেষ তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম অখণ্ড ম্যানগ্রোভ বন সুন্দরবন মহাবিপন্ন বাংলা শকুনের (White-rumped Vulture—Gyps bengalensis) বাংলাদেশের অবশিষ্ট দুটি প্রজনন কলোনির একটির আবাসস্থল। পাশাপাশি এটি দেশের দ্বিতীয় শকুন নিরাপদ এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত।

সম্মেলনে প্রতিনিধিরা এশিয়াজুড়ে শকুন সংরক্ষণের অগ্রগতি পর্যালোচনা, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং পশুচিকিৎসায় ওষুধের নিরাপত্তা, বিষক্রিয়া প্রতিরোধ, শকুনের সংখ্যা বৃদ্ধি ও আন্তঃসীমান্ত সংরক্ষণসহ বিভিন্ন উদীয়মান চ্যালেঞ্জ ও অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন।

শকুন প্রায়ই এক দেশের সীমানা অতিক্রম করে চলাচল করে। ফলে এদের দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সেভের বার্ষিক সম্মেলন-২০২৬ আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকার নির্ধারণ এবং এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত পদক্ষেপ ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা করছেন।