দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল্লাহ গ্রেপ্তার

32

দাকোপ :

খুলনার দাকোপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. আব্দুল্লাহ শেখ (৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৪ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ শেখ তিলডাঙা আদর্শ গ্রামের মো. নওশের আলী শেখের ছেলে। তিনি তিলডাঙা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন এলাকায় স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ২০২৪ সালের ২৬ নভেম্বর স্থানীয় বিএনপির পক্ষ থেকে দায়ের করা ওই মামলার তদন্তে আব্দুল্লাহ শেখের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।