দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

34
দাকোপ :

খুলনার দাকোপ উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় চালনা পৌরসভার বৌমার গাছতলা মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়। বৌমার গাছতলা ও গোড়কাঠী রাধাগোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এ রথযাত্রায় শত শত ভক্ত অংশ নেন।

ভক্তরা জগন্নাথ দেবের রথ টেনে চালনা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে রথটি পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

রথযাত্রায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির আহ্বায়ক অতীন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মোহন লাল মণ্ডল, দিবাকর মণ্ডল, সদস্য সচিব বিলাশ বিশ্বাস, গৌতম সাহা, ডা. সন্তোষ কুমার মজুমদার, পরিমল চন্দ্র বিশ্বাস, সুভাষ হালদার, উত্তম মণ্ডল, বলরাম রায়, আশীষ বিশ্বাস, অনুপম রায়, বিজয় রায়, দীপু রায়সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।

রথযাত্রা শেষে মন্দিরে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব জগতের অধীশ্বর। তাঁর আশীর্বাদ ও কৃপা লাভের উদ্দেশ্যেই ভক্তরা রথযাত্রায় অংশগ্রহণ করেন।

আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।