দৈনিক খুলনা
The news is by your side.

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১০

7

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন ছয়জনসহ চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।