দৈনিক খুলনা
The news is by your side.

“টেকসই উন্নয়নের দাবিতে সাতক্ষীরায় ২১ দফা স্মারকলিপি”

13
সাতক্ষীরা  :

সাতক্ষীরার টেকসই উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় ‘সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়’ গঠনের দাবিসহ ২১ দফা দাবি জানিয়ে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের কাছে স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, হেনরী সরদার, যুগ্ম সদস্য সচিব আলিনুর খান বাবু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, বাইজিদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতিতে সাতক্ষীরার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও জেলার উন্নয়ন এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতা ও উপকূলীয় দুর্যোগের কারণে জেলার মানুষ দীর্ঘদিন ধরে নানা সংকটের মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি।

তারা আশা প্রকাশ করেন, সাতক্ষীরার ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ২১ দফা দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমের আগে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং দুর্যোগ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

স্মারকলিপির উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—সুন্দরবন উপকূলীয় অঞ্চলকে ‘দুর্যোগপ্রবণ এলাকা’ ঘোষণা, ‘সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয়’ গঠন এবং জাতীয় বাজেটে এ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করা।

এছাড়া সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু, সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রেললাইন নির্মাণ দ্রুত শুরু, শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ এবং ঢাকা-ভাঙ্গা-নড়াইল-চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক নির্মাণের দাবিও জানানো হয়।