দৈনিক খুলনা
The news is by your side.

জুলাইকে জাতীয় মননে স্থায়ীভাবে জাগিয়ে রাখতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে- তথ্য উপদেষ্টা

21

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জুলাইকে শুধু একটি স্মরণীয় মাস হিসেবে নয়, বরং জাতীয় মননে স্থায়ীভাবে জাগিয়ে রাখতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আগামী ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করবে। ওইদিন সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।

পাশাপাশি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সড়কে আবু সাঈদের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভার আয়োজন করা হবে। ডা. জাহেদ উর রহমান বলেন, ১৬ জুলাই ছিল গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন। ওইদিন প্রথম কয়েকজন প্রাণ হারানোর পর আন্দোলন নতুন গতি পায় এবং পরে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।

যারা জীবন দিয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না। তাদের প্রতি রাষ্ট্রের ঋণ রয়েছে। তথ্য উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও জুলাইকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করবে। পর্যায়ক্রমে এসব কর্মসূচির বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকা- প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। তদন্ত ও বিচার চলমান রয়েছে।

এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তবে জুলাইয়ের ঘটনাবলি এবং সে সময়ের বাস্তবতা জনগণের সামনে তুলে ধরে ইতিহাস সংরক্ষণ করা হবে। তথ্য উপদেষ্টা গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, সরকার চায় গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাক। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় মূলধারার গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, আমরা জুলাইকে জাতীয় মননে জাগিয়ে রাখতে চাই। নতুন প্রজন্ম যেন এই সময়ের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা সম্পর্কে সঠিকভাবে জানতে পারে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সময় তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কর্মকা-ও বিস্তারিত তুলে ধরেন। উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন,তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তারের সময় ধাওয়া খেয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার অভিযোগ এবং পরে নদী থেকে একাধিক লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে।

এ ঘটনায় দেশীয় ও বিদেশি বিভিন্ন সংস্থার অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর সময় এ ঘটনা ঘটেছে।

তবে সরকারের দায়িত্ব হচ্ছে বিষয়টি তদন্ত করা এবং কারও সংশ্লিষ্টতা থাকলে তা খতিয়ে দেখা। সামাজিক মাধ্যমে তুরাগের ঘটনাকে ঘিরে পরস্পরবিরোধী প্রচারণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহেদ উর রহমান বলেন, সেখানে কিছু মানুষের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাক্সিক্ষত। এটা হওয়া উচিত ছিল না। তিনি বলেন, সরকার স্বাভাবিক নিয়মেই ঘটনার তদন্ত করবে এবং এর সঙ্গে কেউ জড়িত থাকলে তা খুঁজে বের করবে। জাহেদ উর রহমান বলেন, দেশীয় ও দেশের বাইরের বিভিন্ন সংস্থার অনুসন্ধানী প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর সময় ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের জীবনও মূল্যবান। তারা এই রাষ্ট্রের নাগরিক। প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান, তারা যেন রাষ্ট্রের আইন মেনে চলেন। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তিনি বলেন, বিষয়টি আদালতের এখতিয়ার। আদালত সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন। বিচারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত হয়, তাহলে তারা আবার রাজনৈতিক কর্মকা- পরিচালনা করতে পারবে।