বিভিন্ন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে অসাধারণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন আজম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন আজম খান সরকারি কমার্স কলেজের কৃতি শিক্ষার্থীরা।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—সাহিবা ইয়াসমিন লিমা ও শিপ্রা বিশ্বাস।
সাহিবা ইয়াসমিন লিমা ২০১৮ সালে (শিক্ষাবর্ষ ২০১৪-১৫) বিবিএ অনার্সের মার্কেটিং বিভাগ থেকে চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ ৩.৮১ অর্জন করেন।
অপর শিক্ষার্থী শিপ্রা বিশ্বাস ২০২২ সালে (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) বিবিএ অনার্সের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে চূড়ান্ত পরীক্ষায় সিজিপিএ ৩.৮০ অর্জন করেন।
অনুষ্ঠানে আজম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের এ অর্জনকে আরও গৌরবময় করে তুলেছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন আজম খান সরকারি কমার্স কলেজের জন্য গৌরবের বিষয় বলে উল্লেখ করা হয়েছে। দুই কৃতি শিক্ষার্থীর এ সাফল্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ সাহিবা ইয়াসমিন লিমা ও শিপ্রা বিশ্বাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। তাঁদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।