কয়রা :
উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের ঝুঁকি মোকাবিলা, আগাম সতর্কবার্তা প্রদান এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বাস্তবভিত্তিক প্রস্তুতি জোরদারের লক্ষ্যে খুলনার কয়রায় অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ‘রিয়েল-টাইম টাইডাল সার্জ ফোরকাস্টিং অ্যান্ড ইন্টিগ্রেটেড ফোরকাস্ট-বেজড ফাইন্যান্সিং সিমুলেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। ক্লেয়ার ইউকে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার, উত্তরণ ও অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান, সিপিপি খুলনার উপপরিচালক মো. আলমগীর হোসেন, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইস্তিয়াক আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনার রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা গুরুদাস মণ্ডল, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এবং সাংবাদিক রিয়াছাদ আলী।
এ ছাড়া উত্তরণের অফিস প্রোগ্রাম অফিসার ইসমাইল হোসেন ও আয়শা খাতুন, রাইসের সাকিব ইমতিয়াজ ও রাইসা বিনতে আহমেদ, ইউপি সদস্য মনি শংকর রায়, সার্ফ-ইট প্রকল্পের প্রজেক্ট অফিসার তানিয়া সুলতানা, সাদ্দাম হোসেন, খান আল আমিন, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের (এসিএফ) প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুন কবির সুমন ও প্রজেক্ট ম্যানেজার হালিমা ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জোয়ারজনিত জলোচ্ছ্বাসের তাৎক্ষণিক পূর্বাভাস, সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি নিরূপণ এবং পূর্বাভাসের ভিত্তিতে আগাম অর্থায়নের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিশেষ করে উপকূলীয় জনপদে জলোচ্ছ্বাসের পূর্বাভাস পাওয়ার পর কীভাবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম অর্থায়ন কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক সিমুলেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও ধারণা বিনিময় করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়রার মতো উপকূলীয় জনপদ ক্রমেই দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে সময়োপযোগী আগাম পূর্বাভাস এবং পূর্বাভাসভিত্তিক অর্থায়ন কার্যকর করা গেলে দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ সম্ভব। এতে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পাবে।
কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, আগাম সতর্কবার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্যোগের আগেই প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।