দৈনিক খুলনা
The news is by your side.

মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রীর

দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস

মোংলা :

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ভাঙন রোধ ও আশপাশের গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় নৌ চ্যানেলের ভাঙন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, দেড় মাস আগে ভাঙন এলাকা পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে সেখানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে জিও ব্যাগ ফেলার পরও ভাঙন অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, এখানকার ভাঙন সোজা ও খাড়া হওয়ায় প্রতিরোধ করা সহজ নয়। নদীর বাঁকগুলো কীভাবে ঠিক করা যায়, সেটিও সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করা হয়েছে।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এখানে খননকাজ করছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে একটি যৌক্তিক ও কার্যকর সমাধানে পৌঁছাতে হবে, যাতে এলাকার মানুষ নদীভাঙনের ক্ষতি থেকে রক্ষা পায়।

ভাঙনের কারণে মানুষের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হচ্ছে। অনেকে কর্মহীন হয়ে পড়ছেন, আবার কেউ কেউ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তা পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, রায়েন্দা উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং ভূটিয়ামারী উপবিভাগের উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা।