দৈনিক খুলনা
The news is by your side.

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুরে মানববন্ধন

13

কেশবপুর :

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে এবং সাংবাদিকদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার দাবিতে যশোরের কেশবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামানকে হেয়প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রুস্তম আলীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কেশবপুরের ত্রিমোহিনী মোড় চত্বরে কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও নানা অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। কোনো সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার কিংবা ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের হুমকি, অপপ্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণ মেনে নেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে একজন সাংবাদিকের সম্মানহানি করার চেষ্টা নিন্দনীয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল বলেন, আশরাফুজ্জামান শুধু একজন সাংবাদিক নন, তিনি কেশবপুরের একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং নেতৃত্ব দিয়ে আসছেন। এ ধরনের সামাজিক ব্যক্তিত্বকে হেয়প্রতিপন্ন কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হলে তা সমাজের জন্য ক্ষতিকর। সাংবাদিকরা জনগণের কথা তুলে ধরেন এবং সমাজের নানা অসঙ্গতি প্রকাশ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান, হুমকি কিংবা কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়। সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তার প্রশ্নে কেশবপুরের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেশবপুর নিউজ ক্লাবের যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার মোদক মানিক বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে ব্যক্তিগতভাবে অপমান বা সামাজিকভাবে হেয় করার অধিকার কারও নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে কোনো সাংবাদিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা দুঃখজনক। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন কেশবপুর নিউজ ক্লাবের উপদেষ্টা ও কেশবপুর মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি ও মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক সিনিয়র প্রভাষক মো. শহিদুল ইসলাম শহিদ, নিউজ ক্লাবের সহ-সভাপতি মো. খায়রুল আনাম, মনোতোষ দাস, গোলাম ফারুক বাবু, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, কার্যনির্বাহী সদস্য মো. ইউছুফ আলী, মো. আজহারুল ইসলাম, মো. আব্দুল জলিল, মো. সিরাজুল ইসলাম, মো. সাদেক হোসেন, মো. নূরুল ইসলাম, আব্দুল হালিম এবং ফটোসাংবাদিক শাওন।

সমাবেশে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে যশোরের পুলিশ সুপার ও কেশবপুর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগের বিষয়ে তদন্ত করে রুস্তম আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

আয়োজনে: কেশবপুর নিউজ ক্লাব, কেশবপুর, যশোর।