দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা সিটি মেডিকেল অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজনদের ছুটোছুটি

144

খুলনা: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হলে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দ্রুত ভবনের বাইরে বেরিয়ে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে হাসপাতালের সামনে উৎসুক জনতার ভিড় এবং যানজটের কারণে আগুন নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের নিচতলার জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা দ্রুত ১৬ তলা ভবনের ওপরের দিকের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় হাসপাতালজুড়ে ধোঁয়ার সৃষ্টি হলে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।