দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা

34

 খুলনা:
২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন সংশ্লিষ্ট আইনকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় খুলনা নগরীর সোনাডাঙ্গা এম এ বারী সড়কের একটি হোটেলে আয়োজিত এ সভায় খুলনাসহ ঝালকাঠি, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, যশোর, রূপসা, পিরোজপুর, কালীগঞ্জ ও মহেশপুরসহ বিভিন্ন জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাসের সভাপতিত্বে এবং খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রবিউল করিমের সঞ্চালনায় সভায় বিভিন্ন জেলা ও সংগঠনের মালিক-শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইন মালিক ও শ্রমিকদের জন্য হয়রানিমূলক এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তারা দাবি করেন, এ আইন সংশোধন বা বাতিল না হলে পরিবহন খাত আরও সংকটের মুখে পড়বে।

সভায় বক্তারা বলেন, পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই মালিক-শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে বাস্তবসম্মত আইন প্রণয়ন জরুরি। একই সঙ্গে সরকারের কাছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং মোটর শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা থেকে বক্তারা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন এবং প্রয়োজন হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন।