যশোর:
কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় যশোরের কেশবপুরে ৩ হাজার ৯৭০টি চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে ১২০টি প্রতিষ্ঠান ও কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা, বীজ এবং সার বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেশবপুর এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।
ইউএনও আরও বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে। সরকারের দেওয়া সহায়তা যথাযথভাবে ব্যবহার করলে কৃষকরা আরও লাভবান হবেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কৃষি পুনর্বাসন কর্মসূচির মূল লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করা। উন্নত জাতের বীজ, মানসম্মত চারা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, পৌর জামায়াতের আমির জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষক-কৃষাণী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে চারা ও কৃষি উপকরণ তুলে দেন এবং কৃষিবান্ধব সরকারি কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।