দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের প্রমাণ মিললে নিয়োগ বাতিল করা হবে — এমপি অধ্যাপক মোক্তার আলী

191

যশোর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী বলেছেন, কেশবপুর উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সেই নিয়োগ বাতিল করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে তিনি কঠোর অবস্থানের কথা জানান।

বৃহস্পতিবার (৫ মার্চ) কেশবপুর উপজেলা মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুস ছামাদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক মোক্তার আলী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো জাতি গঠনের কারিগর তৈরির কেন্দ্র। এখানে কোনো ধরনের অনিয়ম বা নিয়োগ বাণিজ্য মেনে নেওয়া হবে না। যদি কোনো প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে শিক্ষক বা কর্মচারী নিয়োগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্তের মাধ্যমে সেই নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দীন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।