কেশবপুর :
যশোর-৬ (কেশবপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সুলতানা আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলমান রয়েছে। এ আন্দোলনকে সফল করতে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, কেশবপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
পৌর বিএনপির সভাপতি আব্দুস ছামাদ বিশ্বাস বলেন, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়ানো এবং দলের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিকল্প নেই।
সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, এ মতবিনিময় সভা তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।