দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে তালের বীজে সবুজের স্বপ্ন, বজ্রপাতের ঝুঁকি কমাতে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগ

1

 কেশবপুর :

প্রকৃতির ভারসাম্য রক্ষা, পরিবেশ সুরক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যশোরের কেশবপুরের সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে তালের বীজ বপন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগদাহ, মজিদপুর, লক্ষ্মীনাথকাঠিসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে তালের বীজ বপনের মাধ্যমে সবুজায়নের পাশাপাশি ভবিষ্যতে বজ্রপাতের ঝুঁকি কমানোর প্রত্যাশা করছেন আয়োজকরা।

তালগাছ দীর্ঘজীবী ও পরিবেশবান্ধব হওয়ায় গ্রামবাংলার প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এর ভূমিকা রয়েছে। সেই ভাবনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মো. মাসুদ পারভেজ (শহীদ) বলেন, “আমরা শুধু আজকের জন্য গাছ লাগাচ্ছি না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ রেখে যেতে চাই। একটি তালের বীজ আজ হয়তো খুব ছোট, কিন্তু পরিচর্যা পেলে সেটিই একদিন বড় বৃক্ষে পরিণত হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, শুধু বীজ বপন করলেই দায়িত্ব শেষ নয়। এসব বীজ যাতে গাছ হয়ে বেড়ে উঠতে পারে, সেজন্য স্থানীয় মানুষের সহযোগিতা ও নিয়মিত পরিচর্যা প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন এ ধরনের কাজে এগিয়ে এলে গ্রামাঞ্চলে একটি সুন্দর সবুজ বেষ্টনী গড়ে তোলা সম্ভব।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পরিবেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। বপন করা তালের বীজগুলো বড় গাছে পরিণত হলে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায়ও ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করেন।

তারা আরও বলেন, সামাজিক সংগঠনগুলো নিজ নিজ এলাকার পরিবেশ ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম গ্রহণ করলে সম্মিলিতভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একই সঙ্গে বপন করা বীজের পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

তালের বীজ বপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মো. মাসুদ পারভেজ (শহীদ), সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (হাবিব), সহ-সভাপতি মনিরুল ইসলাম (লিপ্টন), সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদিরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, প্রচার সম্পাদক জাহিদ বিশ্বাস ও সোহাগ বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান (জিল্লু), ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও উজ্জ্বল ঘোষ। এছাড়া সংগঠনের সদস্য রবিউল, রাজু, কামরুলসহ অন্যান্য নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

উজ্জ্বল স্মৃতি সংসদের এ উদ্যোগ স্থানীয়ভাবে পরিবেশ সচেতনতা তৈরির পাশাপাশি সড়কের দুই পাশে সবুজ বেষ্টনী গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রচেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।