দৈনিক খুলনা
The news is by your side.

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩২৫, নিষিদ্ধ সংগঠনের ৬৪

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ৩২৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় বাকি ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। 

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশের সমন্বয়ে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোন নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।