মোংলা :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌর বিএনপির উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবলু ভূইয়া ও পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন।
বক্তারা বলেন, অসংখ্য খুন ও গুমের অভিযোগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদেশে বসে তাঁর দেওয়া উসকানিতে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে নৈরাজ্য চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন। বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ গভীর রাতে অলিগলিতে ও বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি, হেনস্তা ও অকারণে গ্রেপ্তার করেছে। কিন্তু বর্তমানে মোংলার কোথাও পুলিশ দেখা যাচ্ছে না। গত এক মাসে কোনো গলিতে একজন পুলিশ সদস্যকেও দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা। পুলিশকে রাস্তায় নেমে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে, বিক্ষোভ মিছিলের ব্যানারে পৌর ও উপজেলা বিএনপির নাম উল্লেখ থাকলেও উপজেলা বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। মিছিলে পৌর বিএনপির স্বল্পসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পৌর বিএনপির পদধারী নেতাদের মধ্যে মাত্র দুজন উপস্থিত ছিলেন। দেখা যায়নি পৌর ওয়ার্ড বিএনপির নেতাদেরও। এছাড়া বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল না।
রোববারের মিছিল ও সমাবেশে বিএনপির নেতাকর্মীর সংখ্যা ছিল আনুমানিক ৫০ থেকে ৬০ জন। স্বল্পসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিয়ে শহরে নানা আলোচনা ও গুঞ্জন চলছে।
এ বিষয়ে এক বিএনপি নেতা বলেন, প্রচার-প্রচারণা কম থাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি কম হয়েছে।
অপরদিকে, কয়েকজন বিএনপি নেতা বলেন, দলের মধ্যে বিভাজন ও নেতাদের একাধিক গ্রুপিংয়ের কারণে সাধারণ কর্মীরা কোন দিকে যাবেন, তা বুঝে উঠতে পারছেন না। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের কম উপস্থিতি দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা।